যুক্তরাষ্ট্রে জীবন বাজি রেখে নিয়ন্ত্রণহীন স্কুলবাসের শিশুদের বাঁচালেন মুসলিম যুবক।


                               ছবি সংগ্রহীত 


যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে চালক হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চলন্ত স্কুলবাসের প্রায় ২০ জন শিশুকে রক্ষা করেছেন ২৭ বছর বয়সি এক যুবক। এব্রো আহমেদ নামের ওই যুবক এবিসি নিউজকে বলেছেন, 'বিষয়টিকে আমি সত্যিই নিজের দায়িত্ব বলে মনে করেছি। তাছাড়া এখানে তো শিশুদের কথাই বলা হচ্ছে। এমনকি যদি আমার মৃত্যুও হতো, তবুও এটি সার্থক হতো।'

গত সোমবার (১৯ অক্টোবর) কনভেনিয়েন্স স্টোর 'ইয়া ব্রিকস স্ন্যাকস অ্যান্ড টোবাকো'-র সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনাটি ধরা পড়ে। দোকানের বাইরে দাঁড়িয়ে থাকা এব্রো আহমেদ লক্ষ করেন যে, স্কুলবাসটি দরজা খোলা রেখেই চলে যাচ্ছে। ভেতরে উঁকি দিয়ে তিনি দেখতে পান চালকের খিঁচুনি জাতীয় কিছু একটা হচ্ছে। তাৎক্ষণিকভাবে তিনি বাসটির দিকে দৌড়ে যান, ভেতরে লাফিয়ে উঠে পড়েন এবং বড় কোনো দুর্ঘটনা ঘটার মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে জরুরি ব্রেক টেনে বাসটি থামান।
সেদিনের সেই বিশৃঙ্খল পরিস্থিতির কথা স্মরণ করে আহমেদ বলেন, 'কিছু শিশু চিৎকার করছিল, কিছু শিশু শান্ত ছিল। সামনের সারির দুটি মেয়ে আমাকে ভীষণ সাহায্য করেছে। আমি আমার ফোন ও চশমাটি তাদের একজনের দিকে ছুড়ে দিয়ে তাকে সেগুলো ধরে রাখতে বলেছিলাম।'
এমনকি এই উচ্চচাপের পরিস্থিতিতে শান্ত থাকতে দীর্ঘ জনপ্রিয় টিভি নাটক 'গ্রেজ অ্যানাটমি' তাকে সাহায্য করেছিল বলেও জানান আহমেদ। এ বিষয়ে তিনি বলেন, 'এই অনুষ্ঠানটি আপনাকে এমন সব পরিস্থিতি সম্পর্কে শেখায় যা আপনি নিজের জীবনে কখনো কল্পনাও করেননি। তাই এটি এমন কিছু যার মাধ্যমে আপনি সারাজীবন ব্যবহার করার মতো কিছু ছোট কৌশল বা টিপস পেতে পারেন।

সেন্ট পল পাবলিক স্কুলস এবিসি নিউজকে নিশ্চিত করেছে যে বাসে সত্যিই একটি চিকিৎসাজনিত জরুরি অবস্থা তৈরি হয়েছিল এবং প্যারামেডিকস দল ঘটনাস্থলে উপস্থিত হয়েছিল, তবে এতে কেউ আহত হয়নি। স্কুল কর্তৃপক্ষ জানায়, অন্য বাসে স্থানান্তরের পর ওই বাসের শিক্ষার্থীদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় এবং ঘটনার পর মঙ্গলবার কাউন্সেলররা শিক্ষার্থীদের খোঁজখবর নেন। সেন্ট পল পাবলিক স্কুলসের একজন মুখপাত্র জানিয়েছেন, বাসচালককে পরবর্তীতে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে এবং তিনি বর্তমানে বাড়িতে বিশ্রাম নিচ্ছেন।

Post a Comment

Previous Post Next Post